এক গৃহবধূকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বাশুড়ি ও ননদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দশমাইল এলাকার বর্শিয়ান গ্রামে। মৃতা গৃহবধূর নাম আফসারি খাতুন (২২)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় মৃতা গৃহবধূর শ্বাশুড়ি ও ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, আড়াই বছর আগে কালিয়াগঞ্জ থানার মালগাঁও এর বাসিন্দা আফসারি খাতুনের সাথে বিয়ে হয় রায়গঞ্জ থানার বর্শিয়ান গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সইদুর রহমানের। তাদের একটি এক বছরের একটি কন্যা সন্তানও আছে। পেশায় দিনমজুর সইদুর লেবারের কাজ নিয়ে কলকাতায় থাকে। মৃতা গৃহবধূর দাদা মহম্মদ জাকির হোসেন অভিযোগ করে বলেন, " আমার বোনের শ্বাশুড়ি ও ননদ তাকে মেরে ফেলেছে। মাঝে মধ্যেই শ্বাশুড়ি আনুয়ারা বেওয়া ও ননদ শিল্পিয়ারা খাতুন আমার বোনকে মেরে ফেলার হুমকি দিত। আমার বোনের স্বামী সইদুরের পছন্দ অনুযায়ীই বিয়ে করে। কিন্তু শ্বাশুড়ির পছন্দ ছিলনা। কিছুদিন আগেই পনের বাকি পাওনা টাকা বাবদ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। তারা খুন করে মেরে ফেলেছে আমার বোনকে। আমরা রায়গঞ্জ থানায় বোনের শ্বাশুড়ি আনুয়ারা বেওয়া ও ননদ শিল্পিয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। তাদের কঠোর শাস্তির দাবি করছি আমরা "। মৃতা আফসারি খাতুনের পরিবারের আরও অভিযোগ, আগুন লাগার পরে প্রতিবেশীরা তাদের খবর দেয়। স্বামী কলকাতায় ছিল কিন্তু ওর শ্বাশুড়ি বা ননদ এখনও পর্যন্ত কেউই হাসপাতালে আসেনি। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8QNtGYxa_w0